গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে হামলার শিকার হয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের চার সদস্য। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। গতকাল বুধবার রাতে কেরানীরটেক বস্তিতে এসব ঘটনা ঘটে। ঘটনাস্থলে থেকে ৭ জনসহ পৃথক অভিযানে মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গাজীপুরের টঙ্গীর কেরানীরটেক বস্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী রুনা বেগমের বাসার সামনে অভিযানে যায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ১০-১২ জনের একটি দল অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় ডিবি দক্ষিণ বিভাগের সহকারী কমিশনার আছাবুর রহমানের দলের দুই সদস্য গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আত্মরক্ষার্থে চারটি ফাঁকা সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। পরে ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে টঙ্গী পশ্চিম থানার হাজী মাজার বস্তি এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক কারবারি, সেবীসহ ২১ জনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) বেলায়েত হোসেন বলেন, কেরানীরটেক বস্তিতে ডিবি দক্ষিণ বিভাগের সহকারী কমিশনার আছাবুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযানে যায়। এ সময় তাঁদের ওপর চালানো হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
বেলায়েত হোসেন আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
সূত্র: প্রথম আলো