এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বহাল রাখাসহ কয়েকটি দাবি নিয়ে আজ বুধবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, বিদ্যমান আইন অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষকেরা চাকরি ছেড়ে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারেন। কিন্তু এ সুযোগ বাতিলের সুপারিশ সংবিধানে থাকা নাগরিকের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ন করতে পারে। জামায়াত সূত্রে জানা গেছে, আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক করবে দলটির একটি প্রতিনিধিদল...