মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।

বিশ্বের ভাগ্য নির্ধারণে আবারও কি তিন পরাশক্তির নেতারা এক টেবিলে বসতে যাচ্ছেন? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি উদ্যোগ ঘিরে আন্তর্জাতিক মহলে এমন প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক করতে চান তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ইয়াল্টা সম্মেলনে যেভাবে তিন পরাশক্তি নিজেদের মধ্যে বিশ্বের প্রভাব বলয় ভাগ করে নিয়েছিল, নতুন বৈঠকেও তেমন কোনো সমঝোতার পথ তৈরি হতে পারে বলে আশঙ্কা ইউরোপের। বিশেষ করে ইউক্রেনের উদ্বেগ, তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আবারও বড় শক্তিগুলোর হাতে চলে যেতে পারে।

পুতিন যে ইতিহাসের এই অধ্যায়কে গুরুত্ব দিচ্ছেন, তার একটি ইঙ্গিত পাওয়া গেছে গত ৪ নভেম্বর মস্কোতে। রেড স্কয়ারের মানেজে একটি প্রদর্শনী দেখতে গিয়ে একদল স্কুলশিক্ষার্থীকে নিয়ে ইয়াল্টা সম্মেলনের তিন নেতার ভাস্কর্যের সামনে দাঁড়ান তিনি। ১৯৪৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ওই সম্মেলনে অংশ নিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট ও সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন।

শিক্ষার্থীদের পুতিন বলেন, ‘তাঁরা ছিলেন তিনটি প্রধান শক্তির নেতা, যারা যুদ্ধের পর বিশ্ব কীভাবে সংগঠিত হওয়া উচিত, তা নিয়ে আলোচনায় বসেছিলেন।’

ইতিহাসের সেই সম্মেলনের সঙ্গে বর্তমান উদ্যোগের তুলনা করার যথেষ্ট কারণ রয়েছে। আগামী ১৮ ও ১৯ নভেম্বর এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা এপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের শেনজেনে থাকার কথা তিন নেতার। ওই সময় তাঁদের মধ্যে বৈঠক হওয়ার কথা। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলসও বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

অক্টোবরের মাঝামাঝি সময়ে ক্রেমলিনের পক্ষ থেকে এমন একটি বৈঠকের প্রস্তাব দেওয়ার খবর প্রকাশিত হয়। এরপর থেকেই ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। কারণ, ইয়াল্টার মতো সম্মেলনে বড় শক্তিগুলোর সিদ্ধান্তের পরিণতি কতটা সুদূরপ্রসারী হতে পারে, তা ইতিহাসে স্পষ্ট।

ইয়াল্টার শিক্ষা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে জার্মানির পরাজয় প্রায় নিশ্চিত হয়ে এলে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে আলোচনা করতে বসেছিলেন চার্চিল, রুজভেল্ট ও স্ট্যালিন। কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত ইয়াল্টা ছিল রুশ জারদের—অর্থাৎ রাশিয়ার রাজা ও সম্রাটদের—সাবেক আবাসস্থল। সেখানেই হয়েছিল ঐতিহাসিক সম্মেলনটি।

জাপানের বিরুদ্ধে যুদ্ধে সোভিয়েত ইউনিয়নকে যুক্ত করতে চেয়েছিলেন রুজভেল্ট ও চার্চিল। তাঁরা স্ট্যালিনকে তাতে রাজি করান। বিনিময়ে পূর্ব ইউরোপে সোভিয়েত প্রভাব বিস্তারের বিষয়টি মেনে নেওয়া হয়। পাশাপাশি পূর্ব এশিয়া নিয়ে একটি গোপন সমঝোতাও হয়।

সেই সমঝোতায় জাপানের কাছ থেকে দক্ষিণ সাখালিন ও কুরিল দ্বীপপুঞ্জ সোভিয়েত ইউনিয়নের অধিগ্রহণের কথা ছিল। চীনের পোর্ট আর্থারে সোভিয়েত সামরিক ঘাঁটি পুনরুদ্ধার এবং মাঞ্চুরিয়ায় সোভিয়েত ইউনিয়নের বিশেষ অর্থনৈতিক স্বার্থের স্বীকৃতির বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

ছোট দেশগুলোর মতামত ছাড়াই বড় শক্তিগুলোর নিজেদের মধ্যে ভূখণ্ড ও প্রভাবের হিসাব-নিকাশ করে নেওয়ার দৃষ্টান্ত হয়ে আছে ইয়াল্টা। সে কারণেই পরবর্তী সময়ে পূর্ব ইউরোপে পরাশক্তিদের দর-কষাকষি বোঝাতে ‘ইয়াল্টা’ শব্দটি ব্যবহৃত হতে শুরু করে।

বর্তমান উদ্যোগে সেই পুরোনো ব্যবস্থার পুনরাবৃত্তি দেখতে চান না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর আশঙ্কা, নতুন বৈঠকও শেষ পর্যন্ত শক্তিধর দেশগুলোর মধ্যে প্রভাব বলয় ভাগাভাগির মঞ্চ হয়ে উঠতে পারে।

জেলেনস্কি বলেন, ‘আমি সত্যিই চাই না এই বৈঠক ইয়াল্টা-২, ৩ বা ৪-এ পরিণত হোক এবং শক্তিগুলোর মধ্যে প্রভাব বলয় পুনর্বণ্টন করা হোক।’

তিনি আরও বলেন, আলাস্কার পর রুশ কর্মকর্তারা যেভাবে নতুন ‘ইয়াল্টা’র প্রস্তাব সামনে আনছেন, পরিস্থিতি সেই দিকে এগোলে তা রাশিয়ার দ্বিতীয় বড় কূটনৈতিক বিজয় হয়ে উঠতে পারে।

ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা থেকে ইউরোপকে বাদ দেওয়ারও বিরোধিতা করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎজ। তাঁর মতে, যুদ্ধের অবসান নিয়ে যেকোনো সমঝোতায় ইউরোপের অংশগ্রহণ থাকা দরকার।

মের্ৎজের কথায়, ‘এই প্রক্রিয়ায় ইউরোপকে অবশ্যই ভূমিকা রাখতে হবে। ইউরোপও তা করতে চায়। শান্তিচুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো—তা নিষেধাজ্ঞা হোক কিংবা নিরাপত্তা কাঠামো—শুধু আমাদের ইউরোপীয়দের উপস্থিতিতেই সমাধান করা সম্ভব। সব পক্ষই এ কথা জানে।’

পুতিন, ট্রাম্প ও সি-র হিসাব

তিন নেতার বৈঠকে ইউক্রেন যুদ্ধ কতটা গুরুত্ব পাবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন হয়তো যুদ্ধ শেষ করতে আগ্রহী। তবে রাশিয়ার শর্তে যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্প ও সি চিন পিংয়ের সমর্থন চাইছেন তিনি।

রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, বৈঠকে আলোচনার জন্য এখনো বিষয়গুলোর প্রাথমিক খসড়া তৈরি হচ্ছে। তাঁর ধারণা, ইউক্রেনের প্রসঙ্গ কোনো না কোনোভাবে আলোচনায় আসবে।

ট্রাম্প অবশ্য অন্য কথা বলছেন। পুতিন ও সি চিন পিংয়ের সঙ্গে বসতে তাঁর আপত্তি নেই, কিন্তু ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় আগ্রহী নন তিনি। বরং পারমাণবিক অস্ত্র ও নিরস্ত্রীকরণ নিয়ে কথা বলার সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘আমরা পারমাণবিক অস্ত্র এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করতে দেখা করতে পারি।’

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের আমেরিকান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও চীন বিশেষজ্ঞ জোসেফ তুরিগিয়ানের মতে, ইউক্রেন যুদ্ধের আলোচনায় চীনকে খুব বেশি সক্রিয় দেখা যাওয়ার সম্ভাবনা কম। এতে বেইজিংয়ের সঙ্গে সংঘাতটির গভীর সম্পর্ক রয়েছে বলে ধারণা তৈরি হতে পারে। ইউরোপকে বাদ দিয়ে আলোচনায় অংশ নিলে সেই ধারণা আরও জোরালো হবে। অথচ ইউক্রেন যুদ্ধে মস্কোকে সমর্থন করছে—এমন ভাবমূর্তি এড়াতে চেষ্টা করছে চীন।

পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার ক্ষেত্রেও বেইজিংয়ের আপত্তি থাকতে পারে। তুরিগিয়ান এর দুটি কারণ উল্লেখ করেছেন। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভান্ডার চীনের তুলনায় অনেক বড়। অন্যদিকে, নিজেদের অপেক্ষাকৃত ছোট অস্ত্রভান্ডারের প্রকৃত আকার গোপন রাখাকে সুবিধা বলে মনে করে চীন। অন্য দেশগুলো তাদের পারমাণবিক কর্মসূচির বিস্তারিত জানুক, তা তারা চায় না।

তবে রাশিয়ার কাছে এই বৈঠকের গুরুত্ব অন্য জায়গায়। ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় ইউরোপকে পাশ কাটানোর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে মস্কোকে একঘরে করে রাখার প্রচেষ্টা যে ব্যর্থ, সেটিও দেখাতে পারবেন পুতিন। দুই পরাশক্তির নেতাকে নিজের সঙ্গে আলোচনার টেবিলে বসাতে পারা তাঁর জন্য কম অর্জন নয়।

ট্রাম্পের আগ্রহের পেছনেও রয়েছে রাজনৈতিক হিসাব। তুরিগিয়ানের পর্যবেক্ষণ, বৈঠকে কী সিদ্ধান্ত হবে, তার চেয়ে আয়োজনটির আনুষ্ঠানিকতা ও রাজনৈতিক গুরুত্বই ট্রাম্পকে বেশি টানছে।

তুরিগিয়ান বলেন, ‘অন্য যেকোনো কিছুর চেয়ে ট্রাম্প এই ধারণার আনুষ্ঠানিক দিক এবং রাজনৈতিক আবহ নিয়ে বেশি উচ্ছ্বসিত। তিনি বলতে পারবেন, পরাশক্তিগুলোর একত্রিত হওয়াটা কত চমৎকার, তিনিই প্রথম এমন একটি বৈঠকের আয়োজন করেছেন এবং তিনি বিশ্বে শান্তি নিয়ে আসছেন।’

চীনের জন্য পুরোনো ক্ষত

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো চীনের জন্য এই বৈঠকের লাভ কী, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, ইয়াল্টা সম্মেলনের স্মৃতি বেইজিংয়ের কাছেও সুখকর নয়। তুরিগিয়ান মনে করিয়ে দিয়েছেন, ওই সম্মেলনে চীনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছিল, অথচ চীন নিজেই সেখানে ছিল না। ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের নেতারাই দেশটির ভাগ্য নির্ধারণ করেছিলেন।

জাপানের বিরুদ্ধে যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের অংশগ্রহণ নিশ্চিত করতে স্ট্যালিন যে শর্তগুলো দিয়েছিলেন, তার মধ্যে মাঞ্চুরিয়ায় সোভিয়েত স্বার্থের স্বীকৃতি ছিল অন্যতম। বিষয়টি জানার পর চীনা নেতারা ক্ষুব্ধ হয়েছিলেন।

১৯৪৯ সালে চীনে কমিউনিস্টদের বিজয়ের পরও বিষয়টি দুই দেশের সম্পর্কের ওপর ছায়া ফেলেছিল। মাও জেদং সোভিয়েত দাবিগুলোকে মতবিরোধের কারণ হিসেবে দেখেছিলেন। পরবর্তী সময়ে চীন ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে বিভেদ তৈরি হয়, তার পেছনেও এসব বিরোধের ভূমিকা ছিল।

তুরিগিয়ানের মন্তব্য, চীনাদের কাছে ইয়াল্টা কোনো আনন্দের স্মৃতি নয়; বরং নিজেদের ভবিষ্যৎ নিয়ে অন্যদের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হওয়ার ইতিহাস।

পূর্ব ইউরোপের ক্ষেত্রে ইয়াল্টা সম্মেলনে সোভিয়েত প্রভাব বলয়ের বিস্তার ঠিক কতটা স্বীকৃতি পেয়েছিল, তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। তবে সম্মেলনের সময়, অর্থাৎ ১৯৪৫ সালের ফেব্রুয়ারির মধ্যে সোভিয়েত রেড আর্মি রোমানিয়া ও বুলগেরিয়া দখল করেছিল। পোল্যান্ড, হাঙ্গেরি ও চেকোস্লোভাকিয়ারও বিশাল অংশ তাদের নিয়ন্ত্রণে ছিল।

আজকের পরিস্থিতি অবশ্য সেই সময়ের মতো নয়। ক্রেমলিন পূর্ব ইউক্রেনের যেসব এলাকাকে রাশিয়ার অংশ বলে ঘোষণা করেছে, সেগুলোর সব কটির নিয়ন্ত্রণও রুশ সামরিক বাহিনীর হাতে নেই। আর সম্ভাব্য বৈঠকে অংশ নিতে যাওয়া তিন নেতার মধ্যে সরাসরি যুদ্ধে জড়িয়ে থাকা দেশ একমাত্র রাশিয়া।

সমান মর্যাদার পরাশক্তি হওয়ার আকাঙ্ক্ষা

তুরিগিয়ানের মতে, বিশ্বকে প্রভাব বলয়ে ভাগ করার ধারণা নিয়ে রাশিয়ার আগ্রহ এখনো সবচেয়ে স্পষ্ট। তবে যুক্তরাষ্ট্রের নীতিতেও প্রভাব বলয়ের ধারণা রয়েছে। ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা কৌশলে পশ্চিম গোলার্ধকে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় হিসেবে বর্ণনা করা হয়েছে। তাইওয়ানের প্রতি সমর্থন প্রত্যাহার করতেও প্রস্তুত নয় ওয়াশিংটন। অন্যদিকে, লাতিন আমেরিকায় চীনের উপস্থিতি বেইজিংয়ের কাছে গুরুত্বপূর্ণ।

রাশিয়া নিজেকে যুক্তরাষ্ট্র ও চীনের সমপর্যায়ের শক্তি হিসেবে দেখতে চায়। চীনের সরকারি বিবৃতিতেও প্রায়ই মস্কোকে সমকক্ষ দেশ হিসেবে উল্লেখ করা হয়। কিন্তু চীনের নীতিনির্ধারকদের প্রকৃত দৃষ্টিভঙ্গি যে আলাদা, তা মনে করেন গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্সিন কাজমারস্কি।

তিনি বলেন, ‘পর্দার আড়ালে চীনা বিশেষজ্ঞ কিংবা চীনা নেতাদের কেউই রাশিয়াকে সমান শক্তি হিসেবে দেখেন না।’

কাজমারস্কির মতে, চীনের নেতা ও প্রভাবশালী নীতিনির্ধারকেরা প্রকৃত অর্থে যুক্তরাষ্ট্রকেই নিজেদের সমকক্ষ মনে করেন।

তবে তিন দেশের নেতাদের একসঙ্গে বৈঠক বেইজিংয়ের জন্য আন্তর্জাতিক মর্যাদা বাড়ানোর সুযোগ তৈরি করতে পারে। সি চিন পিংকে একজন বৈশ্বিক রাষ্ট্রনায়ক হিসেবে তুলে ধরারও সুযোগ হবে। বিশ্বের বড় শক্তিগুলোর নেতারা তাঁর সঙ্গে আলোচনায় বসছেন—এই দৃশ্যই চীনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

অবশ্য এর বিনিময়ে ইউরোপের সঙ্গে সম্পর্কের অবনতি হোক, তা চীন চাইবে না। সাম্প্রতিক বছরগুলোতে চীনের প্রভাবশালী মহলের একাংশ ইউরোপীয় ইউনিয়নকে আগের মতো গুরুত্ব না দিলেও ইউরোপের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী বেইজিং। কারণ, ইউরোপ চীনের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার।

এদিকে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর আন্তর্জাতিক অঙ্গনে ট্রাম্পের অবস্থান আরও অনিশ্চিত হয়ে পড়েছে। এই অবস্থায় ট্রাম্পের বৈশ্বিক রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে চীন কতটা আগ্রহী হবে, সেই প্রশ্ন তুলেছেন কাজমারস্কি।

ইয়াল্টার বিরুদ্ধে বুশের ঘোষণা

ইয়াল্টা সম্মেলনের উত্তরাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির কথাও নতুন নয়। ২০০০-এর দশকে পূর্ব ইউরোপ সফরের সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বারবার ইয়াল্টা চুক্তিকে ঐতিহাসিক ‘অশুভ শক্তি’ হিসেবে উল্লেখ করেছিলেন। লিথুয়ানিয়া সফরে তিনি সরাসরি ঘোষণা করেছিলেন, ‘ইয়াল্টা চুক্তির যুগ শেষ!’

নিউইয়র্ক টাইমস সে সময় লিখেছিল, বুশের এসব বক্তব্যের মূল লক্ষ্য ছিলেন রুশ নেতা।

এর প্রায় ২৫ বছর পর পুতিন যদি ট্রাম্প ও সি চিন পিংকে নিয়ে ইয়াল্টার আদলে একটি বৈঠক করতে পারেন, তাহলে সেটি হবে তাঁর জন্য বড় প্রতীকী সাফল্য। বৈঠকে শেষ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা সমঝোতা না হলেও এর রাজনৈতিক গুরুত্ব কমবে না। দুই প্রতিদ্বন্দ্বী পরাশক্তির নেতাকে একই টেবিলে নিয়ে আসতে পারাটাই হবে মস্কোর জন্য একটি বড় অর্জন।

 

সূত্র : নয়া দিগন্ত