ভ্রমণ আমার কাছে শুধু অবসর কাটানোর মাধ্যম নয়, বরং নিজেকে নতুন করে আবিষ্কারের সুযোগ। কখনও বন্ধুদের সঙ্গে ব্যাকপ্যাক কাঁধে বেরিয়ে পড়া, কখনও দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলা, আবার কখনও পাড়ি জমানো বিদেশে। ভ্রমণের প্রতি আমার এমনই এক দুর্নিবার আকর্ষণ।
এইতো গত মাসের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। ঘুরে এলাম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের একটি পামকিন বাগান। জায়গাটি ছিল বেশ চমৎকার। চারদিকে সারি সারি কুমড়া, কোথাও ছোট, কোথাও বড়, আবার কোনোটি বেশ অদ্ভুত আকৃতির। এত কুমড়া একসঙ্গে আগে কখনও দেখিনি! কুমড়াগুলো সাজিয়ে রাখা হয়েছে নানারকমভাবে। কোথাও কুমড়ার স্তূপ, কোথাও আবার কুমড়াকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে আলাদা সাজসজ্জা। চারপাশের পরিবেশটাও ছিল বেশ উৎসবমুখর। বন্ধুদের সঙ্গে ঘুরে ঘুরে জায়গাটি দেখেছি, ছবি তুলেছি, সময় কাটিয়েছি। আসলে ভ্রমণে এমন কিছু অভিজ্ঞতা হয়, যা শুধু ছবি দেখে বোঝানো যায় না। নিজের চোখে না দেখলে সেই আনন্দটা অনুভব করা সম্ভব নয়।
এবারের সফরে নিউইয়র্কের ব্যস্ত শহুরে জীবন যেমন দেখেছি, তেমনি প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগও হয়েছে। পামকিন বাগান ঘুরে দেখার অভিজ্ঞতাটাও সেই ভ্রমণের অন্যতম আনন্দের স্মৃতি হয়ে থাকবে। এরপর ঢাকায় ফিরে গিয়েছিলাম কলকাতায়। তবে এবারের কলকাতা যাওয়া ছিল মায়ের চিকিৎসার জন্য। চিকিৎসার পাশাপাশি শহরটিতে ঘোরাঘুরিও করেছি। নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরেছি।
ভ্রমণের প্রতি আমার ভালো লাগা অনেক দিনের। একটা সময় ‘ব্যাকপ্যাকার্স’ নামে আমাদের একটি গ্রুপ ছিল। ছুটি পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তাম। খুব বেশি পরিকল্পনা না করেই কখনও বাসে, কখনও অন্য কোনো বাহনে চলে যেতাম অচেনা গন্তব্যে। কোথায় থাকব, কী খাব, পরদিন কোথায় যাব– এসব নিয়ে খুব বেশি চিন্তা ছিল না বরং হঠাৎ করে নতুন কোনো জায়গায় পৌঁছে যাওয়ার মধ্যেই আনন্দ খুঁজে পেতাম। এভাবে প্রায় পুরো বাংলাদেশ ঘুরে বেড়িয়েছি। তখন সবার মধ্যে একটা অন্যরকম উচ্ছ্বাস কাজ করত। একসঙ্গে ঘোরাঘুরি, নতুন জায়গা আবিষ্কার, পথে পথে নানা অভিজ্ঞতা– সব মিলিয়ে সময়টা ছিল দারুণ। এখন অবশ্য আগের মতো সেই দলবেঁধে ঘোরার সুযোগ হয় না। সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। তবে ভ্রমণের নেশাটা এখনও রয়ে গেছে। সুযোগ পেলেই কোথাও যাওয়ার পরিকল্পনা করি।
পৃথিবীর অনেক দেশ ঘুরেছি। প্রতিটি জায়গারই আলাদা সৌন্দর্য, আলাদা সংস্কৃতি ও জীবনযাপনের ধরন আছে। নতুন কোনো দেশে গেলে সেখানকার মানুষ, খাবার, প্রকৃতি ও পরিবেশ জানার চেষ্টা করি। শুধু বিখ্যাত পর্যটনকেন্দ্র দেখেই ফিরে আসতে চাই না। স্থানীয় মানুষের জীবনযাপন, তাদের সংস্কৃতি, এমনকি রাস্তাঘাটের সাধারণ দৃশ্যও আমাকে আকর্ষণ করে। ভ্রমণ আমাকে অনেক কিছু শিখিয়েছে। নতুন জায়গায় গেলে নিজের চেনা জগতের বাইরের জীবনটাকে কাছ থেকে দেখা যায়। মানুষের চিন্তাভাবনা, অভ্যাস ও সংস্কৃতির বৈচিত্র্য বোঝা যায়। এতে নিজের দেখার জগৎটাও বড় হয়।
তবে এত দেশ ঘোরার পরও নিজের দেশের প্রতি ভালো লাগাটা অন্যরকম। বাংলাদেশের প্রকৃতি, মানুষের আন্তরিকতা আর পরিচিত পরিবেশের সঙ্গে অন্যকিছুর তুলনা হয় না। আমার কাছে কক্সবাজার সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি। সমুদ্রের কাছে গেলে অন্যরকম ভালো লাগা কাজ করে। যতবারই সেখানে যাই, মনে হয় নতুন করে দেখছি। সমুদ্রের বিশালতা, ঢেউয়ের শব্দ আর খোলা আকাশ, সব মিলিয়ে অসাধারণ। বিশেষ করে সমুদ্রের পাশে বসে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। আমার মনে হয়, কক্সবাজারের মতো সুন্দর জায়গা আর কোথাও নেই। দেশ-বিদেশে যত জায়গাতেই ঘুরি না কেন, দিন শেষে নিজের দেশে ফিরে আসার আনন্দই আলাদা।
সূত্র : সমকাল