হাম থেকে সেরে উঠলেও শিশুদের বিপদ কাটছে না। ভাইরাস সংক্রমণের কারণে কমে যাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। এরপর নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা। সরকারি তিন হাসপাতালের তথ্য বলছে, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১০ শিশুর মধ্যে ৭ জনেরই নিউমোনিয়া শনাক্ত হয়েছে। এদের মধ্যে অনেক শিশুর ফুসফুসে দেখা দিচ্ছে গুরুতর জটিলতা। কারও কারও প্রয়োজন হচ্ছে দীর্ঘমেয়াদি চিকিৎসা, অক্সিজেন, এমনকি নিবিড় পরিচর্যারও। চিকিৎসকরা বলছেন, হাম-পরবর্তী নিউমোনিয়া এখন শিশুদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ঢাকা ও চট্টগ্রামের সরকারি তিন হাসপাতালে গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ৩৪ হাজার ৯৩৪ শিশু। এর মধ্যে ২৫ হাজার ৬৯১ শিশুর নিউমোনিয়া শনাক্ত হয়েছে। অর্থাৎ চিকিৎসা নেওয়া শিশুর প্রায় ৭৪ শতাংশই নিউমোনিয়ায় আক্রান্ত। তথ্য বিশ্লেষণে দেখা যায়, মহাখালীর কভিড-১৯ হাসপাতালে ভর্তি ২২ হাজার ৭৯০ রোগীর মধ্যে ১৮ হাজার ২৩২ জনের নিউমোনিয়া ছিল। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হাম নিয়ে ভর্তি ৩ হাজার ৫৯১ শিশুর মধ্যে ২ হাজার ২৯৩ জনের নিউমোনিয়া শনাক্ত হয়েছে। আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ৮ হাজার ৫৫৩ শিশুর মধ্যে ৫ হাজার ১৬৬ জনের শরীরে নিউমোনিয়ার জটিলতা পাওয়া গেছে।
এদিকে, গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৩৫১ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় হাম শনাক্ত রোগীর সংখ্যা ১১৩।
এ ছাড়া গত বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪২ হাজার ৯০৭-এ এবং মোট নিশ্চিত রোগীর সংখ্যা ২৪ হাজার ৭২৩। এ সময়ে সন্দেহজনক হামে মোট ১ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত মৃত্যু হয়েছে ১০৫ জনের। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৩৩ জন সন্দেহজনক রোগী ঢাকা বিভাগে এবং ১৬৬ জন সিলেট বিভাগে শনাক্ত হয়েছে।
এ পরিস্থিতিতে দেশে আজ বৃহস্পতিবার পালিত হচ্ছে নিউমোনিয়া দিবস। এবারের প্রতিপাদ্য– নিউমোনিয়া নিয়ন্ত্রণে নতুন যুগের সূচনা। দিবসটি ঘিরে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
গত মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, হাসপাতালের নিউমোনিয়া ওয়ার্ডে স্বাভাবিক সময়ের চেয়ে রোগীর চাপ বেড়েছে। অনেক শিশুকে দীর্ঘদিন হাসপাতালে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। হাম থেকে সেরে ওঠার পর নতুন করে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় ফের হাসপাতালে আসতে হচ্ছে অনেককে।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, স্বাভাবিক সময়ে নিউমোনিয়া ওয়ার্ডে পাঁচ থেকে সাত শিশু ভর্তি থাকত। কিন্তু চলতি বছর হামের প্রাদুর্ভাবের পর হাম-পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা ২৫ থেকে ৩০-এর মধ্যে থাকছে। এর বাইরে সাধারণ নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরাও চিকিৎসা নিচ্ছে। বর্তমানে নিউমোনিয়া নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ২৬ শিশু।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের এপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর পর্যন্ত নিউমোনিয়ায় আক্রান্ত ২ হাজার ২৯৩ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে বহির্বিভাগে নিউমোনিয়া নিয়ে চিকিৎসা নিয়েছে ৪২ শিশু।
হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল ৪ হাজার ২৬০ শিশু। ২০২৫ সালে কমে দাঁড়ায় ২ হাজার ৬৩১। গত জানুয়ারিতে ৩১৯, ফেব্রুয়ারিতে ৩৩৯, মার্চে ৪১৫, এপ্রিলে ২৬৮, মে মাসে ১৯৮, জুনে ১৫২, জুলাইয়ে ১৪৫, আগস্টে ১৫৯, সেপ্টেম্বরে ১৫১ এবং অক্টোবরে ১২৯ শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। নভেম্বরের প্রথম আট দিনে ভর্তি হয়েছে ১৮ শিশু।
বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক মির্জা মো. জিয়াউল ইসলাম বলেন, অপুষ্টি, টিকাদানে ঘাটতি, বায়ুদূষণ এবং অতিরিক্ত জনসমাগমপূর্ণ এলাকায় শিশুদের নিয়ে যাতায়াত করলে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। চলতি বছর হাসপাতালে নিউমোনিয়া এবং হাম-পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত অনেক শিশুর চিকিৎসা দিতে হয়েছে।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলাম সমকালকে বলেন, স্বাভাবিক সময়ে শিশু হাসপাতালে নিউমোনিয়া ওয়ার্ডে পাঁচ থেকে সাতজন রোগী ভর্তি থাকত। কিন্তু এ বছর হামের প্রকোপের পর পরিস্থিতি বদলে গেছে। হামের অন্যতম প্রধান জটিলতা নিউমোনিয়া। হাম-পরবর্তী জটিলতায় আক্রান্ত অনেক শিশুর ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। তিনি বলেন, বর্তমানে শিশু হাসপাতালের হাম ওয়ার্ডে শতাধিক রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে ৫০ জনের বেশি নিউমোনিয়ায় আক্রান্ত।
চট্টগ্রামের ফতেয়াবাদ এলাকার বাসিন্দা শিমলা ইসলাম বলেন, আমার ১৪ মাসের মেয়ে মাইসুন পুরোপুরি সুস্থ ছিল। হঠাৎ তার তীব্র জ্বর শুরু হয়। চার দিনের মাথায় শরীরের বিভিন্ন স্থানে লাল ফুসকুড়ি দেখা দেয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার হাম শনাক্ত হয়। এর মধ্যেই শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, হাম ছাড়াও সে জটিল নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে।
নগরের কাট্টলী এলাকার বাসিন্দা রোখসারুল ইসলাম বলেন, এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও ১১ মাসের ছেলে আকিবের শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়ার জটিলতা থাকায় সুস্থ হতে সময় লাগবে।
হামের পরও তিন মাস সতর্ক থাকার পরামর্শ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুসা মিয়া বলেন, হামের কারণে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এ ছাড়া শরীরের মিউকোসাল আবরণ ক্ষতিগ্রস্ত হয়। ফলে শিশুরা নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রমণে বেশি আক্রান্ত হতে পারে। তিনি বলেন, বর্তমানে হামে আক্রান্ত অনেক শিশুর নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা যাচ্ছে। কিছু শিশুর ক্ষেত্রে এনসেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহও হচ্ছে। নিউমোনিয়া আক্রান্ত শিশুদের শারীরিক অবস্থা আরও জটিল করে তুলছে।
বিশ্বজুড়ে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ নিউমোনিয়া। আইসিডিডিআরবির ২০২৩ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর পাঁচ বছরের কম বয়সী প্রায় ২৪ হাজার শিশুর মৃত্যু হয় এ রোগে।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ নিউমোনিয়া। হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে, হামে আক্রান্ত ৭০ থেকে ৮০ শতাংশ শিশুর নিউমোনিয়া শনাক্ত হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলা এবং শিশুদের মৃত্যুঝুঁকি কমাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। তবে উদ্বেগের বিষয় হলো, এখনও অনেক শিশু হামের টিকা নিচ্ছে না। টিকা না নেওয়ার কারণে শিশুরা এ রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি গুরুতর জটিলতার ঝুঁকিতে পড়ছে।
সূত্র : সমকাল