হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-২ এক্সটেন্ডেড রেঞ্জ’ (ইআর)-এর সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (১৩ অক্টোবর) এ পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তাদের দাবি, ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটিতে উন্নত নেভিগেশন প্রযুক্তি ও অত্যাধুনিক অ্যাভিওনিকস সংযুক্ত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রটির বিশেষ গতিপথ এবং কৌশলগতভাবে দিক পরিবর্তনের সক্ষমতা রয়েছে। এ কারণে এটি অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। পাশাপাশি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দেওয়ার সক্ষমতাও রয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।
সেনাবাহিনীর দাবি, ফাতাহ-২ ইআরের বর্ধিত পাল্লা পাকিস্তানের দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা ও সামরিক কার্যপরিসর আরও বাড়াবে।
ক্ষেপণাস্ত্রটির সর্বশেষ পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের আর্মি রকেট ফোর্স কমান্ডের কমান্ডার, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরা।
সফল পরীক্ষার জন্য বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান আসিম মুনির এবং দেশটির তিন বাহিনীর প্রধানরা।
এর আগে, গত সপ্তাহে পাকিস্তান ফাতাহ-৪ স্থলভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের বর্ধিত সংস্করণের পরীক্ষা চালায়। এ ছাড়া গত মে মাসেও দেশটি ফাতাহ-৪ স্থলভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল।
সূত্র : যুগান্তর