যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুধবার টেক্সাসের সান অ্যান্টোনিওতে এক সমাবেশে বক্তব্য দেয়ার সময় বারবার বাধা দিয়েছেন বিক্ষোভকারীরা। রিপাবলিকান সিনেট প্রার্থী কেন প্যাক্সটনের পক্ষে প্রচার অভিযানের অংশ হিসেবে ওই সমাবেশে যোগ দেন ট্রাম্প।

তুরস্কের বার্তা সংস্থা আনদোলু বৃহস্পতিবার (৮ অক্টোবর) জানায়, এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সমাবেশস্থল থেকে অন্তত নয়জন বিক্ষোভকারীকে বের করে দেয়া হয়। হোয়াইট হাউসের সঙ্গে থাকা সাংবাদিকদের হিসাবে, প্রায় ১২ জন অনুষ্ঠানটি গণ্ডগোল করেন। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো সরকারি হিসাব পাওয়া যায়নি।

প্রতিবার বিক্ষোভের মুখে ট্রাম্পের বক্তব্য থেমে গেলে উপস্থিত জনতা দুয়োধ্বনি দেয়। পরে ট্রাম্পের সমর্থকেরা ‘ইউএসএ!’ স্লোগান দিতে থাকে। মঞ্চের কাছে এক বিক্ষোভকারীকে বের করে দেয়ার পর ট্রাম্প বলেন, ‘সে এখন মায়ের কাছে ফিরে যাচ্ছে।’ এরপর যোগ করেন, ‘সে জানে না, তার মা ট্রাম্পকে ভোট দিয়েছেন।’

কয়েক মিনিট পর আরেকজনকে বের করে দেয়ার সময় ট্রাম্প বলেন, ‘ওই লোকটাকে অনেক ওজন কমাতে হবে।’ একজন বিক্ষোভকারীকে সরিয়ে নেয়ার সময় তিনি বলেন, ‘আপনারা জানেন, এসব বিক্ষোভকারীর অনেকেই টাকা খায়। এরা টাকা খাওয়া বিক্ষোভকারী। দেশের শত্রুরা তাদের টাকা খাওয়ায়।’ এরপর তিনি বলেন, ‘আর কোনো টাকা খাওয়া বিক্ষোভকারী থাকলে দয়া করে হাত তুলুন এবং এখান থেকে বেরিয়ে যান।’

পরে নিজের সরকারের কর্মসূচির কথা তুলে ধরে ট্রাম্প বলেন, মেডিকেয়ারে উন্নয়নের জন্য ব্যয় হওয়ার কথা ছিল এমন ‘বিলিয়ন বিলিয়ন ডলার’ তার প্রশাসন খুঁজে পেয়েছে, যা ব্যয় করা হয়নি। তিনি বলেন, ‘আমার প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সেই অর্থ আবার আমেরিকার প্রবীণদের দিয়ে দিচ্ছি।’

ট্রাম্প জানান, আগামীকাল থেকে মেডিকেয়ারের আওতায় থাকা ২ কোটির বেশি প্রবীণ ১০০ ডলারের বেশি অর্থের চেক পাবেন অথবা তাদের ব্যাংক হিসাবে অর্থ জমা হবে। তাদের মধ্যে ১৪ লাখের বেশি টেক্সাসের বাসিন্দা।

এ ছাড়া নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই জয়ী হলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেয়ার প্রতিশ্রুতিও আবারো দেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি যা যা বলেছি, আপনারা সবই পাবেন। ৫ হাজার ডলারও পাবেন, আর আপনারা তা প্রাপ্য।’

 

সূত্র : নয়া দিগন্ত