টানা বর্ষণ ও বন্যায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বান্দরবানের রোয়াংছড়ির দেবতাখুম পর্যটন স্পট ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

সাম্প্রতিক বন্যা ও টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হওয়ায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম পর্যটন স্পট আজ ১৬ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত পর্যটকদের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

গতকাল বুধবার (১৫ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিম আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা বর্ষণে নদী, ছড়া ও পানির প্রবাহ বৃদ্ধি পেয়ে জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে দেবতাখুম পর্যটন স্পটের বিভিন্ন অবকাঠামো উল্লেখযোগ্যহারে ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এসব অবকাঠামোর জরুরি মেরামত করা প্রয়োজন।

এতে আরো বলা হয়, স্থানীয় প্রশাসন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে দেবতাখুমে পর্যটকদের যাতায়াত ও অবস্থান ঝুঁকিপূর্ণ। তাই পর্যটক ও স্থানীয় জনগণের নিরাপত্তার স্বার্থে ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত পর্যটন স্পটটি সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

পাশাপাশি সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক তদারকি কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

 

সূত্র: নয়া দিগন্ত