আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে থেকেও কোচের অতিরিক্ত রক্ষণাত্মক কৌশলের কারণে হারতে হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন; তবে দলের এমন পরাজয়ের পরও নিজের পরিকল্পনাকে সঠিক দাবি করে হারের দায় নিজের কাঁধে নিয়েছেন কোচ থমাস টুখেল।

আবার কোচের সাথে মতের মিল হলো না ফুটবলারের। আগের ম্যাচে যা দেখা গিয়েছিল, আর্জেন্টিনা ম্যাচে তারই পুনরাবৃত্তি হলো ইংল্যান্ড শিবিরে।

আর্জেন্টিনার বিরুদ্ধে এগিয়ে থেকেও অতিরিক্ত রক্ষণাত্মক খেলতে গিয়েই হারতে হয়েছে ইংল্যান্ডকে- এমনটাই মনে করেন ইংল্যান্ডে অধিনায়ক হ্যারি কেইন। তবে কোচ থমাস টুখেল আবার নিজের পরিকল্পনায় ভুল খুঁজে পাচ্ছেন না।

খেলা শেষে কেইন জানান, এভাবে হারবেন তা বুঝতে পারেননি। তিনি বলেন, ‘খুব হতাশ। দলের সকলের জন্য হতাশ। সকলে নিজেদের ঘাম, রক্ত ঝরিয়েছে। তার পরেও চোখের পানিতে মাঠ ছাড়তে হলো। খেলার বেশিভাগ জুড়ে আমরাই দাপট দেখিয়েছি। তারপরেও হারতে হলো।’

কেইন দায়ী করেছেন দলের পরিকল্পনাকেই। ইংল্যান্ডের অধিনায়ক বলেন, ‘এগিয়ে থাকার পরেও আমরা শুধু বাঁচার চেষ্টা করলাম। এই ধরনের ম্যাচে এভাবে খেললে হয় না। গোল করার পর আরো আক্রমণাত্মক খেলা উচিত ছিল। তার বদলে গুটিয়ে গেলাম। রক্ষণে লোক বাড়ানো হলো। ওরা ঝড় তুলল। আমরা সামলাতে পারলাম না।’

তবে কোচের নাম উল্লেখ করেননি কেইন। তবে তার কথা থেকেই স্পষ্ট, অতিরিক্ত রক্ষণাত্মক খেলতে গিয়েই হারতে হয়েছে।

পিছিয়ে পরেও গোল করার চেষ্টা করেছিলেন তারা। কিন্তু পারেননি। কেইন বলেন, ‘প্রতিটা মুহূর্তের জন্য আমরা তৈরি ছিলাম। গোল খেয়ে যাওয়ার পর আরো একটা গোল করার আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু পারিনি। এই হারে খুব হতাশ লাগছে। কিন্তু কিছু করার নেই। মেনে নিতেই হবে।’

কোচ টুখেল অবশ্য নিজের পরিকল্পনার উপর ভরসা দেখিয়েছেন। খেলা শেষে তিনি বলেন, ‘আপনি হাজার কোচের সাথে আলোচনা করতে পারেন। কিন্তু শেষ সিদ্ধান্ত আমাকেই নিতে হয়। আমার মনে হয়েছিল, এভাবে খেলাই ঠিক। তাই হারের দায় আমার। কিন্তু আমার সিদ্ধান্ত ভুল ছিল না। আমরা জিততেও পারতাম।’

৫৫ মিনিটে গোল খাওয়ার পর আর্জেন্টিনা যেভাবে আক্রমণ করেছে, তাতে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ডের রক্ষণ। বাকি সময়ে আর আক্রমণই করতে পারেনি তারা। পুরো খেলা হয়েছে ইংল্যান্ডের অর্ধে। তারপরেও দলের এই পারফরম্যান্সকেই সেরা বলছেন টুখেল।

ইংল্যান্ডের কোচ বলেন, ‘এই প্রতিযোগিতায় আমরা এটাই সেরা ম্যাচ খেলেছি। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারিনি। তাতে দুঃখের কিছু নেই। আমরা হতাশ। এত কাছে এসেও ফিরতে হলো। আমরা বলের দখল রাখতে পারিনি। তাই ওরা এত সুযোগ তৈরি করতে পেরেছে।’

গোল করার পর কেইন হঠাৎ এতটা রক্ষণাত্মক হয়ে পড়লেন তার ব্যাখ্যাও দিয়েছেন টুখেল। তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল, রক্ষণে ফাঁক তৈরি হচ্ছে। তাই পাঁচ ডিফেন্ডারে চলে গিয়েছিলাম। কিন্তু ওরা ক্রমাগত ক্রস করল। হেড জিততে শুরু করল। হাওয়ায় লড়াই জিতল। আমরা পারলাম না। কিন্তু যে পরিকল্পনা করেছিলাম, তাতে আমাদেরই ১-০ জেতা উচিত ছিল।’

 

সূত্র: নয়া দিগন্ত