বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা তাদের বিকল্প নীল জার্সি পরে মাঠে নামবে, যা দর্শকদের মনে দু’দলের মধ্যকার ১৯৮৬ সালের ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালের স্মৃতি পুনরায় জাগিয়ে তুলেছে।

চলতি বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার রাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফাইনালে ওঠার মহারণে আটলান্টায় লিওনেল স্কালোনির দল মাঠে নামবে তাদের বিকল্প নীল জার্সি পরে, আর ইংল্যান্ড খেলবে ঐতিহ্যবাহী সাদা জার্সিতে।

সোমবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ফিফা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এবং ফিফার প্রতিনিধিদের সমন্বয় বৈঠকের পর জার্সি-সংক্রান্ত এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

এই ঘোষণার পরই ফুটবলপ্রেমীদের মনে ভেসে উঠেছে ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের সেই ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালের স্মৃতি। সেবারও ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সি গায়েই মাঠে নেমেছিল আর্জেন্টিনা।

আর সেই ম্যাচেই দিয়েগো ম্যারাডোনা উপহার দিয়েছিলেন ফুটবল ইতিহাসের দুই বিখ্যাত মুহূর্ত- ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’।

চলতি বিশ্বকাপে ইংল্যান্ড ছয় ম্যাচের পাঁচটিতেই সাদা জার্সি পরে খেলেছে। শুধু গ্রুপ পর্বে পানামার বিপক্ষে লাল জার্সি ব্যবহার করেছিল তারা। সেই ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছিল ইংলিশরা।

অন্যদিকে, ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একবার বিকল্প নীল জার্সি পরেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারানোর সময় এই জার্সিতেই খেলেছিল আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপ ইতিহাসে ইংল্যান্ডের বিপক্ষে এটি হবে আর্জেন্টিনার চতুর্থবার নীল জার্সি পরে মাঠে নামা। এর আগে ১৯৬২, ১৯৮৬ ও ১৯৯৮ বিশ্বকাপে একই রঙের জার্সিতে মুখোমুখি হয়েছিল দু’দল। তবে ১৯৬৬ ও ২০০২ সালের বিশ্বকাপে আকাশি-সাদা হোম জার্সিই ব্যবহার করেছিল আর্জেন্টিনা।

ফিফার নিয়ম অনুযায়ী, নকআউট পর্বে ব্র্যাকেটের উপরের দিকে থাকা দলকে 'টিম এ' হিসেবে বিবেচনা করা হয়। এই ম্যাচে ইংল্যান্ড 'টিম এ' হওয়ায় তাদের হোম জার্সি ব্যবহারের অগ্রাধিকার ছিল।

তাই দু’দলের জার্সির মাঝে স্পষ্ট রঙের পার্থক্য নিশ্চিত করতে আর্জেন্টিনাকে বিকল্প নীল জার্সি পরার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা ও দর্শকদের জন্য মাঠে দু’দলকে আলাদা করে শনাক্ত করাও সহজ হবে।

 

সূত্র: নয়া দিগন্ত