নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্যপদের হালনাগাদ তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।নির্ধারিত ছকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি এ বিষয়ে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয় ও বিভাগগুলোর কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হচ্ছে ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’।
এ প্রতিশ্রুতির আলোকে প্রণীত কর্মপরিকল্পনা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, সরকারি কর্মচারী নিয়োগসংক্রান্ত এই ইশতেহার বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় ও বিভাগ, তাদের অধীন দপ্তর-সংস্থা এবং মাঠপর্যায়ের অফিসগুলোর শূন্য পদের তথ্য জানা প্রয়োজন। এর মধ্যে রয়েছে পিএসসির মাধ্যমে পূরণযোগ্য এবং সরাসরি নিয়োগযোগ্য সব ধরনের পদ।
এ পরিস্থিতিতে নির্ধারিত ছক অনুযায়ী প্রতিবেদন চিঠি পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে প্রশাসন-২ শাখায় পাঠাতে বলা হয়েছে। একইসঙ্গে পিডিএফ ও ওয়ার্ড ফাইলে সফটকপিও [email protected] ঠিকানায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, পিএসসির মাধ্যমে পূরণযোগ্য শূন্য পদ থাকলে তার অধিযাচন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে পাঠাতে হবে। পাশাপাশি প্রতি মাসের ৫ তারিখের মধ্যে এ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে কপিসহ প্রেরণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।
সূত্র: ইত্তেফাক