সঙ্গীর সঙ্গে প্রেমের শুরুর সময়টা সাধারণত ভীষণ রোমাঞ্চকর ও আনন্দময় হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে দুই জনই সম্পর্কে স্বচ্ছন্দ হয়ে উঠলে দৈনন্দিন রুটিনের একঘেয়েমি ঢুকে পড়ে। তখন অনেকেই লক্ষ্য করেন, সম্পর্কের সেই উত্তেজনা, নতুনত্ব আর উষ্ণতা আগের মতো নেই। এই একঘেয়েমিই ধীরে ধীরে মতবিরোধ, তর্ক ও ঝগড়ার জন্ম দেয়।
মনোবিজ্ঞানী ও সম্পর্ক বিশেষজ্ঞ জ্যাকলিন শ্যাটজের মতে, একটি সম্পর্ককে দৃঢ় ও সুন্দর রাখতে হলে প্রতিটি ধাপে সামান্য হলেও সচেতন চেষ্টা প্রয়োজন। তার পরামর্শ অনুযায়ী, নিচে এমন পাঁচটি উপায় তুলে ধরা হলো, যা সম্পর্কের সংঘাত কমাতে এবং বন্ধনকে আরো মজবুত করতে সাহায্য করতে পারে।
প্রতিদিন প্রশংসা প্রকাশ করুন
সম্পর্কে সতেজতা ধরে রাখতে বড় ছুটি বা দামি রেস্তোরাঁয় যাওয়ার প্রয়োজন নেই। বরং প্রতিদিনের ছোট ছোট মুহূর্তকে গুরুত্ব দিন।
একে অপরের প্রশংসা করুন, মন দিয়ে কথা বলুন। সকালে একসঙ্গে নাশতা করা, ডিনার বানানোর সময় সারা দিনের গল্প শোনা কিংবা দূরে থাকলে ভিডিও কলে কথা বলা—এসব ছোট অভ্যাসই সম্পর্ককে গভীর করে তোলে।
একসঙ্গে ঘুরতে বেরোন
কাজের চাপ, সংসারের দায়িত্ব আর একই রুটিনে আটকে থাকলে জীবন যেমন একঘেয়ে হয়, তেমনি সম্পর্কও তার প্রভাব থেকে মুক্ত থাকে না। ডেটিং ও সম্পর্ক প্রশিক্ষক মেগান ওয়েক্সের মতে, আরামদায়ক গণ্ডি ভেঙে একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া সম্পর্ককে নতুন প্রাণ দেয়। একসঙ্গে ভ্রমণ মানেই নতুন অভিজ্ঞতা, নতুন স্মৃতি—যা সম্পর্ককে আবার চাঙা করে তোলে।
দুজনেরই পছন্দনীয় কাজ করুন
সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়ানোর অন্যতম উপায় হলো একসঙ্গে এমন কিছু করা, যা দুজনই উপভোগ করেন। দৌড়ানো, ভ্রমণ, গান শোনা কিংবা কনসার্টে যাওয়া—যাই হোক না কেন, কাজটির ধরন গুরুত্বপূর্ণ নয়। জ্যাকলিন শ্যাটজের কথায়, যে কাজ দুজনই আনন্দের সঙ্গে করেন, সেটাই সম্পর্কের জন্য সবচেয়ে মূল্যবান স্মৃতি তৈরি করে।
নিজের সমস্যার সমাধানে সচেষ্ট হন
একটি সুস্থ সম্পর্কের জন্য আত্ম-উন্নয়ন অত্যন্ত জরুরি। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলায়, পরিস্থিতিও বদলায়। পাঁচ বছর আগে যেভাবে আপনি সমস্যা সামলাতেন, আজ হয়তো সেভাবে আর কাজ নাও করতে পারে। তাই নিজেকে সময়ের সঙ্গে মানিয়ে নেওয়া প্রয়োজন। নিজেকে ভালোবাসা এবং নিজের চাহিদা বোঝা আপনাকে একজন ভালো সঙ্গী হতে সাহায্য করে। শ্যাটজের মতে, নিজেকে যত ভালোভাবে বুঝবেন, অন্য কাউকে ভালোবাসাও তত সহজ হবে।
রাগ নিয়ন্ত্রণে রাখুন
বোঝাপড়ার অভাব থেকে অনেক সময় ঝগড়ার সৃষ্টি হয়। কিন্তু সেই ঝগড়া আরো ভয়াবহ হয়ে ওঠে, যখন রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাগের মাথায় বলা কথা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে এবং সংঘাত বাড়ায়। তাই মতবিরোধ হলেও নিজেকে শান্ত রাখুন, আবেগের পরিবর্তে যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করুন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ